ইডেন গার্ডেন্সে রবিবার যেন পুরনো রাসেলকে ফিরে পেল কেকেআর। মাঠে নামার আগে হয়তো আন্দ্রে রাসেল চোখে পড়েছিল ‘দ্য মাইটি নাইট’ লেখা বিশাল টিফো। সেটা যেন নতুন করে তাঁকে জ্বালিয়ে দেয়। ব্যাট হাতে রীতিমতো বজ্রপাত নামিয়ে দেন ক্যারিবিয়ান তারকা। ২৫ বলে ৫৭ রানের ধুন্ধুমার ইনিংস খেলে শুধু কেকেআরের ইনিংসকেই টানলেন না, ফর্মহীনতার সব প্রশ্নকে উড়িয়ে দিলেন স্রেফ ব্যাট দিয়ে।
ম্যাচের শুরুতে আলোচনার কেন্দ্রে ছিলেন না রাসেল। সকলের চোখ ছিল ১৪ বছরের বৈভব সূর্যবংশীর দিকে। কিন্তু দিনের শেষে আলো কেড়ে নিলেন রাসেল ও রাজস্থানের তরুণ রিয়ান পরাগ। যদিও জয় এল কেকেআরের ঘরে, তাও মাত্র ১ রানে। তাতে প্লে-অফের দৌড়ে এখনও টিকে থাকল নাইটরা।
প্রথমে ব্যাট করে কেকেআরের স্কোর বড় হয়ে উঠেছিল রাসেলের দাপটে। মাহিশ থাকশানাকে টানা তিনটি ছয় মেরে মরশুমের প্রথম হাফ-সেঞ্চুরি করেন তিনি। আইপিএলের শুরু থেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, এ দিন দেখালেন পুরনো আগুন এখনও নিভে যায়নি।
বল হাতেও রাসেল দেখালেন কেন তাঁকে দলে রাখা হচ্ছে। রাজস্থানের ইনিংসের ১৯তম ওভারে বল হাতে নিয়ে মাত্র ১১ রান দিয়ে গেলেন। সেই ওভারটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কারণ শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল ২২ রান।
শেষ ওভারে বৈভব অরোরা প্রায় ম্যাচটা রাজস্থানের হাতে তুলে দিয়েছিলেন শুভম দুবের চার-ছয়-চার মেরে। এক বলে দরকার ছিল মাত্র তিন রান। কিন্তু বৈভবের ইয়র্কারে শেষরক্ষা হয়নি। রাজস্থান আটকে গেল ১ রানে।
দলের বিপদের মুহূর্তে একাই লড়েছিলেন রিয়ান পরাগ। মইন আলিকে টানা পাঁচটি ছয় মারেন, পরের ওভারে যোগ হয় আরেকটি। কিন্তু অকারণে তুলে মারতে গিয়ে তাঁর ক্যাচটাই রাজস্থানের হারের কারণ হয়ে দাঁড়ায়।
শেষমেশ অভিজ্ঞতার কাছে মাথা নত করল তারুণ্য। আর আন্দ্রে রাসেল প্রমাণ করলেন, এখনও তিনি কেকেআরের সবচেয়ে বড় ম্যাচ উইনার।







