বলিউডে পরিচালনায় অভিষেকেই আলোচনার কেন্দ্রে আরিয়ান খান। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তাঁর প্রথম সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ ইতিমধ্যেই দর্শকসংখ্যার রেকর্ড গড়েছে। এমনকি অনুরাগ কাশ্যপকে পিছনে ফেলে আইএমডিবি’র ‘পঁচিশের সেরা পরিচালক’-এর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন শাহরুখপুত্র। প্রশংসার ঢল নামলেও সিরিজটি ঘিরে বিতর্কও কম নয়। এবার মুখ খুললেন শাহরুখ খানের ‘ডন ২’-এ অভিনয় করা ব্রিটিশ–পাকিস্তানি অভিনেতা আলি খান।
সম্প্রতি এক পডকাস্টে তিনি সরাসরি আক্রমণ শানান আরিয়ানের সিরিজের ভাষা ও উপস্থাপন নিয়ে। তাঁর অভিযোগ, “দিন কয়েক আগে সিরিজটি দেখলাম। ভাষার এমন ব্যবহার আগে দেখিনি। পরিবারের সঙ্গে বসে দেখাই দায়! যে ধরনের চরিত্র দেখানো হয়েছে, তাঁরা কি সত্যিই এতটা ‘সড়কছাপ’ ভাষায় কথা বলেন?” প্রশ্ন তোলেন আলি।
তিনি আরও বলেন, “অনেক সময় মনে হয়, শুধুই দর্শকদের আকর্ষণ বা রেটিং বাড়ানোর জন্য অযথা গালিগালাজ ঢুকিয়ে দেওয়া হয়। গল্প বলার বহু পদ্ধতি রয়েছে। কিন্তু যদি অশালীন ভাষা ব্যবহার করতেই হয়, তবে কোথায় থামতে হবে তা জানা জরুরি। প্রতিটি দৃশ্যে গালিগালাজ ঢোকালে তা অশ্লীল তো হয়ই, একই সঙ্গে একঘেয়েও লাগে। এতে সিরিজের ইমপ্যাক্ট কমে যায়।”
উল্লেখ্য, ২০২১ সালে মাদককাণ্ডে নাম জড়ানোয় আরিয়ানকে প্রচুর কটাক্ষ সহ্য করতে হয়েছিল। পড়েছিল জেলেও। সেই কঠিন সময় পেরিয়ে এবার পরিচালনায় নিজের জায়গা তৈরি করার চেষ্টায় তিনি। তবে এই বিতর্কে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন বাদশাপুত্র। সিরিজের সাফল্যের মাঝেই সমালোচনার এই ঢেউ তাঁকে কীভাবে মোকাবিলা করতে হয়, এখন সেটাই দেখার।







