হাওড়ার বাঁকড়ার দক্ষিণপল্লী এলাকায় চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা। দেনার দায়ে পাওনাদারদের লাগাতার চাপে পড়ে আত্মহত্যা করলেন একই পরিবারের তিনজন সদস্য। মৃতরা হলেন শুভময় ঘোড়ুই, তাঁর মা শেফালী ঘোড়ুই এবং প্রতিবন্ধী দিদি সঙ্গীতা ঘোড়ুই।
শনিবার সন্ধ্যায় প্রতিবেশীরা তাঁদের কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পুলিশে খবর দিলে বাঁকড়া আউটপোস্টের পুলিশ এসে দরজার তালা ভেঙে ঘরে ঢোকে। ঘরের ভেতর ও বাইরে উভয় দিক থেকেই তালা লাগানো ছিল। সেখান থেকেই তিনজনের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে তাঁরা আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভময়ের নামে বাজারে প্রচুর দেনা ছিল। পাওনাদারদের চাপ দিন দিন বাড়ছিল। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে একটি অবৈধ সম্পর্কের অভিযোগও উঠেছে, যার ফলে আর্থিক সংকট আরও গভীর হয় বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, শনিবার সকালে শুভময়ের ভাগনা এসেছিল। পাওনাদাররা আসতে পারে ভেবে পরিবারের অনুরোধে সে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। এরপর দুপুরের পর থেকে কাউকেই দেখা যায়নি।
এ ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।







