ভারতের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতা ও চ্যালেঞ্জকে কেন্দ্র করে তৈরি নতুন ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিত্সালয়’ সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। সিরিজটি এক প্রত্যন্ত গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ভিত্তি করে তৈরি, যেখানে এক তরুণ আদর্শবাদী চিকিৎসকের সংগ্রামের গল্প উঠে এসেছে।
সিরিজের মূল চরিত্র ডা. প্রভাত সিনহার ভূমিকায় দেখা গেছে অমল পরাশরকে। তিনি শহরের এক নামী হাসপাতাল ছেড়ে উত্তর ভারতের একটি প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন। তাঁর উদ্দেশ্য ছিল সেবার মানবৃদ্ধি। কিন্তু বাস্তবে গিয়ে বুঝতে পারেন, চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত দুর্বলতা এবং প্রশাসনিক জটিলতা সামাল দেওয়াও এক বড় চ্যালেঞ্জ। পরিচালক রাহুল পাণ্ডের নেতৃত্বে সিরিজটি নির্মাণ করেছেন প্রযোজক বিদ্যা কোপ্পিনিডি, ভানু প্রতাপ ও রিয়াজ চৌধুরী। এতে অমল পরাশর ছাড়াও অভিনয় করেছেন বিনয় পাঠক, আকাশ মাখিজা, আকাশা রঞ্জন কাপুর এবং গরিমা বিক্রান্ত সিং।
সিরিজটি মুক্তির পর সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সিরিজের বাস্তবধর্মী উপস্থাপনা ও শক্তিশালী অভিনয়ের প্রশংসা করেছেন, আবার কেউ কাহিনির গতি ও মৌলিকতার অভাব নিয়ে সমালোচনা করেছেন। দর্শকদের প্রতিক্রিয়াও বিভক্ত। কেউ সিরিজটির গ্রামীণ পটভূমি ও প্রাসঙ্গিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ একে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর ছায়া বলে মন্তব্য করেছেন। বর্তমানে ‘গ্রাম চিকিত্সালয়’ সিরিজটি স্বাস্থ্য সচেতনতা ও গ্রামীণ ভারত নিয়ে আগ্রহীদের কাছে একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে।







