নৌগামা মোড় থেকে পুকুরিয়া থানার উদ্দেশ্যে এক গৌরবময় পদযাত্রার আয়োজন করল রতুয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষে শহীদ হওয়া দেশের বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এবং সীমান্তে সদা সতর্ক অবস্থানে থাকা সৈনিকদের প্রতি সম্মান জানাতে এই পদযাত্রার আয়োজন করা হয়। রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি, রতুয়া দক্ষিণের বিধায়ক সমর মুখার্জী সহ রতুয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।
দেশপ্রেম, সংহতি এবং জাতীয় একতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই পদযাত্রা। দেশের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং বর্তমান সৈনিকদের মনোবল বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানান তৃণমূল নেতৃত্ব। পদযাত্রার শুরুতে শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ ও মৌনপ্রার্থনা করা হয়। এরপর শতাধিক মানুষ দেশাত্মবোধক স্লোগান তুলে পথে নামেন। সাধারণ মানুষের উপস্থিতি ও সহানুভূতির মধ্য দিয়ে এই পদযাত্রা আরও অর্থবহ হয়ে ওঠে।
রতুয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং দেশের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি। নেতারা জানান, আগামী দিনেও এধরনের কর্মসূচি চলমান থাকবে যাতে নতুন প্রজন্ম দেশপ্রেমের প্রকৃত মূল্য বুঝতে পারে এবং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়।







