চাকরিরাজ্য

“ধৈর্য্য ধরুন, সরকারের উপর ভরসা রাখুন” – আন্দোলনের মাঝে তৃণমূলের দ্বিতীয় নেতৃত্বের আশ্বাস

কলকাতা: বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভের জেরে এবার বড়সড় আইনি পদক্ষেপ। আন্দোলনের পরিপ্রেক্ষিতে মোট ১৫ জন চাকরি হারানো শিক্ষককে নোটিস পাঠানো হয়েছে, এমনকি নোটিস উপেক্ষা করলে গ্রেফতারির হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ। আগামী ২১ মে সকাল ১১টায় বিধাননগর উত্তর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া ও হেনস্থার মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিকাশ ভবনের গেট ভেঙে জোরপূর্বক ভিতরে প্রবেশ, সন্ধ্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়া এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাই মূলত এই মামলার ভিত্তি।

এদিকে চাকরি হারানো আন্দোলনকারী শিক্ষকরা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ। তাদের অভিযোগ, “পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা, অথচ মামলা দায়ের করা হয়েছে আমাদের বিরুদ্ধেই! ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না।” আন্দোলনকারীরা আরও দাবি করেন, “যেভাবে আমাদের বিরুদ্ধে আক্রমণের গল্প সাজানো হয়েছে, তাতে মনে হয় যেন আমরা ড্রোন হামলা করেছি!”

আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন আইনজীবীও। ইতিমধ্যেই অনেকে নোটিস পেয়েছেন এবং প্রস্তুতি শুরু হয়েছে আইনি লড়াইয়ের।

এই প্রসঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করা নাগরিকদের অধিকার। আমি আন্দোলনকে ছোট করব না বা রাজনৈতিক রঙ দিতে চাই না। তবে হিংসার পথ যেন কেউ না নেয়। আদালতে রিভিউ পিটিশন ইতিমধ্যেই জমা পড়েছে। সবাইকে ধৈর্য্য ধরতে বলব।”

তবে আন্দোলনের তীব্রতা ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবনের সামনে উত্তেজনা চরমে ওঠে। পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের হটানোর চেষ্টা করে, যেখানে গুরুতর জখম হন বহু শিক্ষক। অভিযোগ, লাথি, ঘুষি এমনকি জুতো দিয়ে মারধরও করা হয়।

একদিকে হকের চাকরি হারানোর যন্ত্রণা, অন্যদিকে পুলিশের লাঠির আঘাত—সবমিলিয়ে কান্নায় ভেঙে পড়ছেন অনেক শিক্ষক। কিন্তু তারা জানিয়েছেন, এই লড়াই থেকে তারা পিছু হটবেন না।

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের অবস্থান এবং আদালতের পরবর্তী রায়ই ঠিক করবে আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.