“ওয়েলকাম টু হেল। লাভ, কবীর।” – এই ডায়লগ দিয়ে শুরু হয়েছে ‘ওয়ার ২’-এর টিজার, যেখানে হৃত্বিক রোশনকে দেখা গেছে আরও কঠোর, আরও বিপজ্জনক এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী কবীর রূপে। টিজারে হৃত্বিকের দুর্দান্ত অ্যাকশন দৃশ্য, তলোয়ার যুদ্ধ, নেকড়ের সঙ্গে লড়াই, চেজ সিকোয়েন্স এবং বিস্ফোরক মারপিট দর্শকদের মুগ্ধ করেছে। তাঁর পেশিবহুল শরীর এবং তীক্ষ্ণ অভিব্যক্তি স্পষ্ট করে দিয়েছে, এইবার কবীর আরও নির্মম এবং প্রাণঘাতী।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ ছিল যশ রাজের দ্বিতীয় স্পাই ইউনিভার্স ছবি, যেখানে হৃত্বিক প্রধান চরিত্রে ছিলেন এবং যা বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘ওয়ার ২’ নিয়ে আবার ফিরছেন হৃত্বিক, এবার তার মুখোমুখি হবেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। এই ছবির মাধ্যমে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রথমবারের মতো পা রাখলেন কিয়ারা আদবানি। যদিও টিজারে তাঁর চরিত্র সম্পর্কে বিশেষ কিছু প্রকাশ পায়নি, তবে তাঁর গ্ল্যামারাস ও আবেদনময়ী উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলেছে। বিকিনিতে তাঁর ঝলক ইতিমধ্যেই ভাইরাল। অদিত্য চোপড়ার প্রযোজনায় এবং অয়ন মুখার্জির পরিচালনায় নির্মিত ‘ওয়ার ২’ মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট। দর্শকদের জন্য এটি হতে চলেছে অ্যাকশন ও থ্রিলের এক দুর্দান্ত মেলবন্ধন।







