জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরা ফেরি-র তৃতীয় কিস্তি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বহু প্রতীক্ষিত এই ছবিতে ‘বাবুরাও’ চরিত্রে অভিনয়ের কথা ছিল বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালের। কিন্তু শেষ মুহূর্তে ছবি থেকে সরে দাঁড়ান তিনি। আর এই সিদ্ধান্তের জেরে ক্ষুব্ধ অক্ষয় কুমার ও তাঁর প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মস।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন অক্ষয়। অভিযোগ, পরেশকে বাজার মূল্যের তিন গুণ বেশি পারিশ্রমিক দেওয়ার পরেও তিনি শেষ মুহূর্তে চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছেন, যা প্রযোজনা সংস্থার পক্ষে বড়ো ক্ষতির কারণ হয়েছে। এক ওয়াকিবহাল সূত্র জানিয়েছে,”পরেশ রাওয়াল পেশাগত নীতির পরোয়া করেননি। ছবি শেষ না করার সিদ্ধান্ত যদি আগে থেকেই নিয়ে থাকেন, তবে চুক্তি স্বাক্ষরের সময়ই তা জানানো উচিত ছিল। প্রযোজকের পক্ষে এটা বড় ধাক্কা।”
হেরা ফেরি সিরিজের প্রথম দুই ছবিতে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেট্টির ত্রয়ী দর্শকদের মন জয় করেছিলেন। তাই তৃতীয় ছবির ঘোষণা হওয়ার পর থেকেই উৎসাহ ছিল তুঙ্গে। তবে কিছুদিন ধরেই শ্যুটিং ও কাস্টিং নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত, গত ১৯ মে সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি ছাড়ার কথা ঘোষণা করেন পরেশ। তবে পরেশ জানান, তাঁর এই সিদ্ধান্তের পেছনে কোনও সৃজনশীল মতপার্থক্য নেই। পরিচালক প্রিয়দর্শনের প্রতি তাঁর শ্রদ্ধা ও বিশ্বাস অটুট রয়েছে বলেও জানান তিনি।
তবে গুঞ্জন বলছে, পরেশ রাওয়াল এই ছবির জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, যা মানতে পারেননি অক্ষয় কুমার। এই অর্থনৈতিক টানাপোড়েনের জেরেই সম্ভবত সম্পর্কের অবনতি ঘটে এবং চুক্তি ভেঙে বেরিয়ে যান পরেশ। এখন দেখার, ‘বাবুরাও’-‘রাজু’র বন্ধুত্বের সম্পর্ক পর্দার বাইরে কতটা টিকে থাকে।







