বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর নামে দুইটি আলাদা ভোটার কার্ড রয়েছে—একটি জলপাইগুড়িতে পিত্রালয়ে, অপরটি বালুরঘাটে শ্বশুরবাড়িতে। জলপাইগুড়িতে তিনি ‘কোয়েল চৌধুরী’ নামে তালিকাভুক্ত, আর বালুরঘাটে নাম রয়েছে ‘কোয়েল মজুমদার’। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও কৌতূহল।
জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে কোয়েল জলপাইগুড়ি থেকে ভোটার তালিকায় নাম স্থানান্তর করে বালুরঘাটে নিয়ে যান। তবে অভিযোগ, নিয়ম মেনে স্থানান্তর হলেও জলপাইগুড়ির তালিকা থেকে তাঁর নাম বাতিল হয়নি। বিষয়টি সম্প্রতি নজরে আসতেই কোয়েল নির্বাচন কমিশনে আবেদন করেছেন জলপাইগুড়ির তালিকা থেকে নাম বাতিলের জন্য।
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আমার স্ত্রী এক সময় জলপাইগুড়িতে থাকতেন। নিয়ম মেনে ভোটার কার্ড স্থানান্তর করেছেন। এটি কোনো ইস্যু নয়, অহেতুক ইস্যু তৈরি করার চেষ্টা চলছে। আমি আগেই বিডিও-কে জানিয়েছি যাতে নাম বাতিল হয়।”
তিনি আরও বলেন, “ভোটার তালিকা তৈরি করে জেলা প্রশাসন। কারও নাম দু’জায়গায় থাকলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ প্রশাসন তাঁর নির্দেশেই চলে।”
ঘটনাটিকে বিজেপি নেতৃত্ব ‘নন-ইস্যু’ বলে দাবি করলেও, বিরোধীরা বিষয়টি ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচন কমিশনের তরফে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর।







