বলিউড সুপারস্টার সলমন খানের নিরাপত্তা ঘিরে আবারও প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের গোড়া থেকেই ভাইজান ক্রমাগত খুনের হুমকি পেয়ে চলেছেন বিষ্ণোই গ্যাংয়ের তরফে। গতবছর সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে খুনের পর পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকা সলমনের বাংলোকে ঘিরে মুম্বই পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে।
সাম্প্রতিক ঘটনায়, সোমবার ও মঙ্গলবার পরপর দুদিন ভাইজানের বাংলোয় দুই অনাহূতের প্রবেশের চেষ্টা চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার এক মহিলা ভক্ত, ইশা ছাবড়া, কাকভোরে গ্যালাক্সিতে প্রবেশ করেন। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে বান্দ্রা থানার হাতে তুলে দেন। পরদিন, মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিংও একইভাবে প্রবেশের চেষ্টা করলে তাঁকেও ধরে ফেলা হয়। এই ঘটনার পরই সলমনের বাংলোয় প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে মুম্বই পুলিশ। এবার থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের জন্য প্রত্যেক অতিথিকে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র দেখাতে হবে। এই নিয়ম থেকে ছাড় পাচ্ছেন না বলিউডের তারকারাও। পরিবারের অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।
পুলিশ সূত্রে খবর, অভিনেতার জীবন এখন সর্বক্ষণ কড়া নিরাপত্তার বলয়ে ঘেরা। গতবছর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণের পর তাঁর বাংলোর বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাঁচ। তবুও দুই দিনের ব্যবধানে দুই ব্যক্তির এই অনধিকার প্রবেশের চেষ্টা প্রশাসনকে ভাবাচ্ছে। বিষ্ণোই গ্যাংয়ের তরফে লাগাতার হুমকি এবং এরকম নিরাপত্তা ভেদ করে প্রবেশের ঘটনা ঘিরে মুম্বই পুলিশের তরফে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সলমনের ব্যক্তিগত নিরাপত্তা এবং আশেপাশের এলাকাও এখন অধিকতর নজরদারিতে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।







