হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মায়েদা পুকুর এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। শনিবার গভীর রাতে, আনুমানিক রাত ১টা নাগাদ ‘মা কালী ভান্ডার’ নামে একটি গৃহস্থালী সামগ্রীর দোকানে চুরি করে পালাল একদল দুষ্কৃতি। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চার থেকে পাঁচ জনের একটি দল। তারপর দোকানে থাকা লক্ষাধিক টাকার গৃহস্থালী পণ্য এবং নগদ অর্থ হাতিয়ে নিয়ে অন্ধকারে চম্পট দেয়।
চুরির গোটা ঘটনাটি ধরা পড়েছে দোকানের লাগানো সিসিটিভি ক্যামেরায়। ভিডিও ফুটেজে দেখা যায়, মুখ ঢেকে এবং হাতে দস্তানা পরে দুষ্কৃতীরা অত্যন্ত পরিকল্পিতভাবে কাজটি সম্পন্ন করে। স্থানীয়দের মতে, এটি পূর্বপরিকল্পিত একটি কাজ। ঘটনার পর সকালে দোকান মালিক এসে দোকানের ভাঙা জানালা এবং তছনছ হয়ে যাওয়া দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পাশাপাশি, এলাকার বাসিন্দারাও এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দোকানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা ভাবছেন।







