হাতে আর মাত্র কয়েকমাস । আর তারপরেই বাংলায় বিধানসভা নির্বাচন। এখনও পর্যন্ত বিধানসভা ভোটের সূচী ঘোষণা না হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে , তৎপর জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নয়াদিল্লিতে তা নিয়ে বৈঠকও হয় । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জানা গিয়েছে এই বৈঠকে তিনি , পূর্বের বিধানসভা ভোটের তুলনায় , আগত নির্বাচনে আর বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছেন ।
পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। একুশের নির্বাচনে আট দফায় ভোটের প্রত্যেক দফায় আলাদা আলাদা সংখ্যায় মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী । আর এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে বলেই খবর।
এই কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর বিষয় নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন , “বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কত থাকবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে। তবে আমাদের দাবি, যেন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী বাংলায় ভোটের সময় মোতায়েন করা হয়।”
তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আবার এবিষয়ে, “একুশেও তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল। যত খুশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুক। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন।”







