এক সময় ভারতের পেস আক্রমণকে বিশ্বমানের স্তরে নিয়ে গিয়েছিলেন তিনি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগবে শ্রীলঙ্কা ক্রিকেটের উন্নতিতে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ ভরত অরুণকে দু’সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট, বাংলাদেশ সিরিজের আগে বিশেষ পেস শিবির আয়োজনের লক্ষ্যে। মে মাসে প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধরের পরে, এবার ভারতীয় কোচিং ব্রিগেডের দ্বিতীয় সদস্য হিসেবে লঙ্কা সফরে যাচ্ছেন অরুণ।
২ জুন থেকে কলম্বোয় শুরু হবে এই বিশেষ শিবির, যেখানে শ্রীলঙ্কার পুরুষ ও মহিলা জাতীয় দলের বোলার, অনূর্ধ্ব-১৯ ও মহিলা ‘এ’ দলের ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবেন ভরত অরুণ। শুধু খেলোয়াড় নয়, দেশটির হাই পারফরম্যান্স সেন্টার, আঞ্চলিক দল ও বিভিন্ন ক্লাবের কোচদের সঙ্গেও কাজ করবেন তিনি। লাল ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা কৌশলগত পরামর্শ এবং টেকনিক্যাল দিকগুলি নিয়ে হবে বিশদ আলোচনা।
এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ সনৎ জয়সূর্য। দেশের ক্রিকেটকে ঘুরে দাঁড় করাতে ভারতীয় কোচেদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন তিনি। শ্রীধরের মতো অরুণের কোচিংও শ্রীলঙ্কার তরুণ পেসারদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছে বোর্ড।
বাংলাদেশ সিরিজের আগে এই দু’সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ শিবির শ্রীলঙ্কার দলকে যে বড় আকারে সাহায্য করবে, তা নিয়ে সংশয় নেই। অরুণের অভিজ্ঞতা লঙ্কান ক্রিকেটকে দিতে পারে এক নতুন দিশা।







