নববারাকপুর: রোদ ঝলমলে প্রখর দাবদাহে যখন সাধারণ মানুষ রাস্তায় বেরোতে কুণ্ঠিত, তখন শহরের পরিচ্ছন্নতায় একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন নববারাকপুর পুরসভার সাফাইকর্মী, ঝাড়ুদার, নির্মল সাথী, নির্মল বন্ধু ও স্বাস্থ্যকর্মীরা। তাদের উৎসাহ ও পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে, বৃহস্পতিবার নববারাকপুর পুরসভার পক্ষ থেকে মানবিক উদ্যোগে তাঁদের মধ্যে গ্লুকোনডি ও পানীয় জল বিতরণ করা হয়।
সকালবেলায় ৭ নম্বর রেলগেট সংলগ্ন অঙ্গনা ভবনে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩৫০ জন নির্মল সাথী, নির্মল বন্ধু, সাফাইকর্মী, ঝাড়ুদার এবং ডেঙ্গি ভেক্টর কন্ট্রোল ইউনিটের স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হয় শক্তিবর্ধক গ্লুকোনডি ও পানীয় জলের বোতল।
উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা, উপ-পুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরপ্রতিনিধি মনোজ সরকার, আরতি দাস মল্লিক, সুদীপ ঘোষ এবং স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী। পুরপ্রধান বলেন, “এই অসহনীয় গরমেও যাঁরা শহরের পরিচ্ছন্নতায় নিরলস পরিশ্রম করছেন, তাঁদের সুস্বাস্থ্য রক্ষার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।” তিনি আরও জানান, গত দু’বছর ধরে এই মানবিক কর্মসূচি চালু রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে।
পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের কর্মীরাও এই উদ্যোগে বিশেষ উদ্দীপনার সঙ্গে অংশ নেন। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত, যা শহরের পরিচ্ছন্নতা রক্ষাকারীদের প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন।







