বিজয়োৎসবের উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হল মৃত্যুর মিছিলে। বেঙ্গালুরুতে আরসিবি-র আইপিএল সাফল্য উদ্যাপন করতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন। আর এই করুণ ঘটনার পর চাঞ্চল্য—থানায় সরাসরি অভিযোগ দায়ের হল বিরাট কোহলির বিরুদ্ধে! এই ঘটনা ঘিরে শুধু ক্রিকেট মহলে নয়, সমগ্র দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র বিতর্ক।
কর্নাটকের শিবমোগার সমাজকর্মী এইচএম বেঙ্কটেশ অভিযোগ করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। তাঁর দাবি, কোহলির জনপ্রিয়তাই বিপদের মূল কারণ। তাঁর উপস্থিতি জানার পরেই বিপুল সংখ্যক ভক্ত স্টেডিয়ামের বাইরে ভিড় জমায়। পদপিষ্ট হওয়ার ঘটনা ছড়িয়ে পড়লেও কেন উৎসব থামানো হয়নি, সেই প্রশ্ন তুলেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। যদিও এখনই কোহলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।
এদিকে, অনুষ্ঠান আয়োজনকারী আরসিবি, কেএসসিএ এবং ডিএনএ এন্টারটেনমেন্টের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা করেছে বেঙ্গালুরু পুলিশ। রাজ্য সরকার জানিয়েছে, তদন্তে নামবে সিআইডি এবং সিট। ১৫ দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের রিপোর্ট চাওয়া হয়েছে।
হাই কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে রাজ্যের ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। তবে রাজ্যের বাইরে যেতে তাঁদের নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ও উচ্চপদস্থ আধিকারিকদের। সরকারের কড়া অবস্থান স্পষ্ট—দোষী যেই হোক, রেয়াত করা হবে না।







