রাজনীতি

তৃণমূলের অন্দরমহলের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, মহুয়ার ‘ভেটো’তে আটকালেন কল্যাণ!

তৃণমূলের অন্দরে চাপা আগুন যে এখনও জ্বলছে, তা ফের স্পষ্ট হয়ে উঠল কালীগঞ্জ উপনির্বাচনকে ঘিরে। শাসকদলের দুই সাংসদ—কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের পুরনো দ্বন্দ্ব এবার সরাসরি প্রভাব ফেলল নির্বাচনী প্রচারে। ফলত, কালীগঞ্জের ময়দানে দেখা যাবে না বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

সূত্রের খবর, মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে চলছিল বিধায়কদের নিয়ে বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন কল্যাণও। আলোচনা ঘুরে এসে ঠেকে কালীগঞ্জ উপনির্বাচনে। কল্যাণ মুখ্যমন্ত্রীকে জানান, তিনি প্রচারে যেতে চান। কিন্তু মহুয়ার ‘ভেটো’ তাঁকে রাস্তায় নামতে দিচ্ছে না। মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন আইপ্যাককে এবং নেন সবিস্তারে আপডেট। এরপরই মুখ্যমন্ত্রী জানান, কল্যাণের আর প্রচারে যাওয়ার দরকার নেই।

কিন্তু এত টানাপোড়েনের শিকড় কোথায়? দলীয় সূত্র বলছে, লোকসভায় কল্যাণ ডেপুটি লিডার হওয়ার পর থেকেই মহুয়া-সহ কিছু সাংসদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। বিশেষ করে বক্তব্যের সময় সীমা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। সম্প্রতি সাংবাদিক বৈঠকে নাম না করে মহুয়াকে তীব্র আক্রমণ করেন কল্যাণ। সেই রেষেই কি আজ এই ‘প্রতিশোধ’?

কালীগঞ্জ পড়ে রইল অন্দরের এই দ্বন্দ্বের মাঝে। আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মধ্যস্থতা’ যেন দেখিয়ে দিল—তৃণমূলে ক্ষমতার কেন্দ্র কোথায়, আর ভেটোর ভার কার হাতে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.