খড়্গপুর শহরে ফের বেঁকে বসল বস্তিবাসীরা। যেখানে সেখানে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, লাগাতার হুমকি, জলের সংযোগ কেটে দেওয়া-সহ একের পর এক নিপীড়নের অভিযোগ তুলে সরব হলো খড়্গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি। এই পরিস্থিতির প্রতিবাদেই মঙ্গলবার DRM বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখাল বস্তিবাসীরা।
ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় DRM বাংলো চত্বরে। নিরাপত্তার কারণে মোতায়েন করা হয় বিপুল পুলিশবাহিনী। তবে সমস্ত বাধা পেরিয়ে DRM বাংলোর সামনে জমায়েত করেন শতাধিক বস্তিবাসী। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার এবং কণ্ঠে ছিল একটাই দাবি— “বস্তি ধ্বংস নয়, বাঁচার অধিকার চাই!”
সংগ্রাম কমিটির অভিযোগ, রেলের তরফে কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা না করেই দীর্ঘদিন ধরে বস্তিবাসীদের উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, জল ও আলো বন্ধ করা হচ্ছে, যা অসাংবিধানিক এবং অমানবিক। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন— ‘উন্নয়নের নামে উচ্ছেদ নয়, আমরা বাঁচতে চাই সম্মানের সঙ্গে।’
বস্তিবাসীদের এই প্রতিবাদ কর্মসূচিতে শহরের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং ছাত্র সংগঠনও সংহতি প্রকাশ করেছে। সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, DRM যদি শীঘ্রই আলোচনায় না বসেন এবং সমস্যার সমাধান না করেন, তাহলে তাঁরা বৃহত্তর বিক্ষোভ ও রেল অবরোধের পথেও হাঁটবেন।
খড়্গপুরের এই আন্দোলন নিছক একটি বস্তির প্রশ্ন নয়—এ লড়াই শহরের প্রান্তিক মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। আন্দোলন যতটা পথ অবরোধের, তার চেয়েও বেশি একটি শ্রেণির স্বপ্ন বাঁচিয়ে রাখার আর্তি।







