হংকংয়ের বিরুদ্ধে ভারতের অপ্রত্যাশিত হারের পর ফুটবলপ্রেমী দেশজুড়ে উঠেছে তীব্র ক্ষোভ। একদিকে যেমন প্রশ্নের মুখে পড়েছে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন, তেমনই অন্যদিকে ফুটবলের গোড়ায় গলদ খুঁজে পাচ্ছেন দেশের প্রাক্তন তারকারা। বাইচুং ভুটিয়া থেকে গৌতম সরকার কিংবা সুব্রত ভট্টাচার্য— প্রত্যেকেই সরব হয়েছেন ভারতীয় ফুটবল ব্যবস্থার বিরুদ্ধে। তাদের মতে, মাঠে যা হচ্ছে, তা আসলে মাঠের বাইরের দুর্বল কাঠামোরই প্রতিফলন।
বাইচুং ভুটিয়া স্পষ্ট বলেন, “উজ়বেকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডনের মতো দেশ যেখানে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে, সেখানে ভারতের এই হাল দুর্ভাগ্যজনক।” তিনি প্রশ্ন তুলেছেন, সুনীল ছেত্রীর মতো কিংবদন্তিকে ফের জাতীয় দলে ফেরানো কি আদৌ ঠিক সিদ্ধান্ত ছিল? তার মতে, অবসর ভেঙে ফেরা ছেত্রীও পরিস্থিতির কোনও উন্নতি করতে পারেননি।
প্রাক্তন ফুটবলারদের মত, বিদেশি কোচ বা খেলোয়াড় দিয়ে কাঙ্খিত উন্নতি আসছে না। বরং জাতীয় স্তরে যথাযথ পরিকল্পনা ও দেশীয় কোচদের মেধা ব্যবহারে জোর দিতে হবে। গৌতম সরকার বলেন, “সুনীল এখনও অপরিহার্য! এর চেয়ে দুর্দশা আর কী হতে পারে?”
আইএসএল মালিকরাও ক্ষুব্ধ। বেঙ্গালুরুর পার্থ জিন্দল ও গোয়ার রবি পুস্কুর পরিষ্কার জানিয়ে দিয়েছেন— খেলার মান, কাঠামো ও অর্থনৈতিক নীতিতে আমূল পরিবর্তন দরকার। নয়তো, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ আরও অন্ধকার।







