লখনউয়ে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল এলাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এক পুলিশ কনস্টেবল এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল। নির্যাতনের জেরে অসহায় কিশোরী একসময় সাহস করে সেই কনস্টেবলের স্ত্রীর কাছে সমস্ত ঘটনা জানায়।
কিন্তু অভিযোগ, সাহায্যের পরিবর্তে উল্টে আরও বড় বিপদের সম্মুখীন হতে হয় তাকে। নাবালিকার দাবি, কথোপকথনের কিছুক্ষণের মধ্যেই কনস্টেবল ও তার স্ত্রী মিলে তাকে মারধর করে এবং বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তার পায়ে এবং মেরুদণ্ডে মারাত্মক চোট লেগেছে। একইসঙ্গে, মেয়ের উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হন ওই নাবালিকার বাবা।
ঘটনার প্রেক্ষিতে থানায় কনস্টেবল, তার স্ত্রী এবং ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।







