ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখনই সামনে এল চমকপ্রদ এক দ্বন্দ্ব। একদিকে প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া, অন্যদিকে সর্ব ভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। ফুটবলের বাইরে প্রশাসনিক লড়াই যেন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এআইএফএফের শীর্ষপদে থেকে বাইচুংয়ের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে যেন নতুন বিতর্কের সূচনা করলেন কল্যাণ।
সম্প্রতি হংকংয়ের কাছে ভারতের লজ্জার হারের পরে ফেডারেশনের সভাপতি পদত্যাগ করুন— এমন দাবিতে সরব হন বাইচুং। তার জবাবে সাংবাদিক বৈঠকে চৌবে বলেন, “যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তারা আগে নিজের দায়িত্ব কেমন পালন করেছেন তা দেখা দরকার।” তিনি দাবি করেন, ফেডারেশনের উপদেষ্টা থাকাকালীন নিয়মিত সম্মানী ও সুযোগ-সুবিধা পেতেন বাইচুং, অথচ কখনও দুর্নীতি নিয়ে মুখ খোলেননি।
চৌবের আরও বিস্ফোরক অভিযোগ, বাইচুং নিজের ফুটবল একাডেমিকে ব্যবহার করছেন ব্যক্তিগত লাভের জন্য। এমনকি এক ম্যাচে ৩১-০ ব্যবধানে হারের প্রসঙ্গ টেনে চৌবে বলেন, “যে মানুষ খেলোয়াড় তৈরির দায়িত্ব নিয়েছেন, তাঁর একাডেমির এই ফলাফলই সব বলে দেয়।” পাশাপাশি একাধিক ফুটবল প্রকল্প থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
জবাবে বাইচুং বলেন, “ফেডারেশনের প্রশাসনে স্বচ্ছতার অভাব এবং দুর্বল নেতৃত্বের কারণেই ভারতীয় ফুটবল পিছিয়ে পড়ছে।” তাঁর মতে, এই অব্যবস্থা দূর না হলে মাঠে উন্নতির সম্ভাবনা নেই। ফুটবলপ্রেমীদের প্রশ্ন— কে সত্যি, আর কে দায় এড়াতে ব্যস্ত।







