আমেরিকায় বন্দুকবাজ কিংবা ছুরি হাতে আততায়ীর হামলার ঘটনা প্রায় অহরহ ঘটে। সাধারণ মানুষকে রক্ষা করতে সবসময়ই প্রশাসনকে কড়া নজরদারিতে থাকতে হয়। তবে এবার উলটো অভিযোগ উঠল মার্কিন পুলিশের বিরুদ্ধেই। লস অ্যাঞ্জেলস শহরের রাস্তায় এক শিখ যুবককে গুলি করে হত্যার অভিযোগে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নিহতের নাম গুরপ্রীত সিং।
পুলিশের দাবি, ১৩ জুলাই লস অ্যাঞ্জেলসের মাঝরাস্তায় খাপখোলা তরবারি হাতে ঘুরছিলেন গুরপ্রীত। এমনকি তাঁকে শিখদের প্রাচীন মার্শাল আর্ট ‘গটকা’ প্রদর্শন করতেও দেখা যায়। কর্তব্যরত আধিকারিকরা তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেন। অভিযোগ, সে নির্দেশ অমান্য করে উলটে পুলিশকে আক্রমণের চেষ্টা করেন গুরপ্রীত। এরপরই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাটি পুলিশের বডিক্যামে রেকর্ড হয় এবং সম্প্রতি সেই ভিডিও একটি ওয়েবসাইটে প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় ওঠে।
পুলিশের দাবি, গুরপ্রীতের হাতে যে অস্ত্রটি ছিল, সেটি একটি ‘খণ্ডা’— শিখদের ঐতিহ্যবাহী দুধারি তলোয়ার। সাধারণত গটকা প্রদর্শনের সময়ই এই অস্ত্র ব্যবহার করা হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, নিহত গুরপ্রীতের কোনও খলিস্তানি যোগ ছিল কি না।
প্রসঙ্গত, গটকা পাঞ্জাবের প্রাচীন যুদ্ধকৌশল। এতে তরবারি, বর্শা, ঢাল, লাঠি-সহ বিভিন্ন অস্ত্রের ব্যবহার করা হয়। সাধারণত শিখ ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গটকা প্রদর্শন করা হয়। কিন্তু মাঝরাস্তায় সেই প্রদর্শন করতেই প্রাণ হারাতে হল গুরপ্রীতকে।
এই ঘটনায় মূল প্রশ্ন উঠেছে— গ্রেপ্তার না করে সরাসরি গুলি চালানোর প্রয়োজন কেন পড়ল? মার্কিন পুলিশের ভূমিকাকে ঘিরে ইতিমধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। শিখ সংগঠনগুলিও ঘটনার নিন্দা করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে।







