জেলারাজ্য

পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসীর বিরুদ্ধে শিক্ষিকার বিস্ফোরক অভিযোগ! তদন্তে নেমেছে পুলিশ

মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত চাণক্য এলাকায় অবস্থিত এক আশ্রম-চালিত স্কুল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এক নারী শিক্ষক গুরুতর অভিযোগ এনেছেন আশ্রমের প্রধান এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে।

অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালে চাকরির আশ্বাসে আশ্রমের প্রাথমিক বিদ্যালয়ে তাঁকে নিযুক্ত করা হয়। একই সঙ্গে আশ্রমেই থাকার ও খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। ওই মহিলার দাবি, এক রাতে হঠাৎ করেই মহারাজ তাঁর ঘরে এসে শারীরিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেন। পরিস্থিতির চাপে সম্মতি দিতে বাধ্য হন তিনি। তাঁর কথায়, আশ্রমে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছিলেন বলেই তিনি প্রতিবাদ করেননি

অভিযোগ অনুসারে, শুধু একদিন নয়, দিনের পর দিন এই অবস্থা চলতে থাকে। ওই শিক্ষিকার দাবি, বারংবার তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। একসময় তিনি গর্ভবতী হয়ে পড়েন, তবে শিশুটি জন্ম নেবার আগেই জোরপূর্বক গর্ভপাত করানো হয়।
তার অভিযোগ “আমার শরীরকে ব্যবহার করা হয়েছে বারবার, কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখা হয়নি। সবটাই ছিল প্রতারণা।”

এই ঘটনার বিচার চেয়ে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ব্যাপক আলোড়ন শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়াতেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক সময়ের সম্মানীয় ধর্মগুরুর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় তাঁর চরিত্র ও অতীত নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে।

ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহারাজ জানান, “আমি এসব নিয়ে বিচলিত নই। কী অভিযোগ করা হয়েছে, তা জানি না। আমার আইনজীবী যা বলার বলবেন।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই আশ্রম এবং সংশ্লিষ্ট স্কুল সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি, তবে প্রশাসনের তরফে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.