বাড়ি থেকে উদ্ধার এক প্রৌঢ়ার ক্ষতবিক্ষত দেহ। জখম তাঁর ছেলেও। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বটতলা থানা এলাকায়।
জানা যায়,স্বামী সুশান্ত ভট্টাচার্য,বৈদ্য়ুতিন যন্ত্রপাতির দোকানে কাজ করেন।আর একমাত্র পুত্র,এই নিয়ে ছিল প্রৌঢ়া মীনাক্ষীদেবীর সংসার। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধেয় বাড়িতে ছেলেকে নিয়ে একাই ছিলেন মীনাক্ষীদেবী। তার পর দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার বাড়ির মধ্যে থেকে। পরে স্থানীয়দের সন্দেহ হলে দরজা খুলে দেখে মীনাক্ষীদেবী এবং তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করেন।তাঁর ছেলে বিনায়ক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
কে বা কারা , কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ডাকাতির উদ্দেশে এসেছিল দুষ্কৃতীরা। তাদের বাধা দিতে গিয়েই প্রাণ যায় প্রৌঢ়ার।প্রসঙ্গত, শহরে একের পর এক প্রৌঢ়া ও বৃদ্ধাকে টার্গেট করছে দুষ্কৃতীরা। তাদের একা থাকার সুয়োগ নিয়ে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। পুজোর মুখে খাস কলকাতার এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।







