সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরে সরকারি ওষুধ ব্যবহারের অভিযোগ ঘিরে রাজ্যের প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য বরাদ্দ কোটি কোটি টাকার সরকারি ওষুধ সেবাশ্রয় কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। অথচ সংশ্লিষ্ট কর্মসূচিটি সরকারি নয় বলেই দাবি প্রশাসনিক সূত্রের।
স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানতে পেরেছেন, সরকারি অনুমোদন ছাড়াই কীভাবে সরকারি ওষুধ ব্যবহার করা হল, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই কত টাকার ওষুধ ব্যবহৃত হয়েছে তার হিসাব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে প্রশাসনের শীর্ষ মহল। পাশাপাশি, জেলা প্রশাসনের কোন আধিকারিকের অনুমতিতে এই ওষুধ ব্যবহার করা হয়েছে, তাও চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে।
এদিকে, এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ডায়মন্ড হারবারে করোনাকালীন কোভিড পরীক্ষা সংক্রান্ত একটি কর্মসূচি নিয়েও অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) দাবি করেছেন, ২০২২ সালের জানুয়ারিতে আয়োজিত ‘মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’-এ আর্থিক ও প্রশাসনিক অনিয়ম হয়েছে এবং সেই কর্মসূচি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল।
এই অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগে সরকারি সম্পত্তির ব্যবহার, কেনাকাটার প্রক্রিয়া এবং আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ তুলে এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরকে কেন্দ্র করে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর হয়েছে এবং স্বাস্থ্য দফতর পৃথক তদন্ত শুরু করেছে। নতুন অভিযোগ সামনে আসায় গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।







