দেশ

রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন রোগী, পাশে ঘুমোচ্ছে চিকিৎসক! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড ২ ডাক্তার

উত্তরপ্রদেশের মীরাটের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা গাফিলতির এক চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এক পথদুর্ঘটনায় আহত রক্তাক্ত রোগী হাসপাতালের স্ট্রেচারে কাতরালেও, কর্তব্যরত দুই জুনিয়র চিকিৎসক ঘুমিয়ে কাটালেন ডিউটি! এই অমানবিক ঘটনাটি সামনে আসতেই নিন্দার ঝড় রাজ্যজুড়ে।

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। পথ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সুনীল নামের এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জরুরি বিভাগে ভর্তি করানো হলেও, তাঁর পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ তিনি বিনা চিকিৎসায় পড়ে ছিলেন। কেউ খোঁজ পর্যন্ত নেননি। এমনকি, ডাক্তারদের ঘুম ভাঙাতেও ব্যর্থ হন অন্যান্য রোগীর আত্মীয়রা।

সিসিটিভি ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে, দুই চিকিৎসক—ভূপেশ কুমার রাই ও অনিকেত—ঘুমিয়ে রয়েছেন, একজন টেবিলে পা তুলে আরামে শুয়ে। এক মহিলা কোলের বাচ্চা ও প্রেসক্রিপশন হাতে বারবার ডাকছেন চিকিৎসককে, কিন্তু কোনও সাড়া নেই। ওই সময়েই সুনীল রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।

হাসপাতালের ইন-চার্জ চিকিৎসক ডঃ শশাঙ্ক জিন্দল ওই সময় অনুপস্থিত ছিলেন। পরে তিনি দাবি করেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা শুরু করেন, কিন্তু ততক্ষণে অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। শেষ পর্যন্ত মঙ্গলবার সকাল সাতটার সময় সুনীলের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসা পেলে হয়তো প্রাণে বেঁচে যেতেন সুনীল।

এই ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। কলেজের প্রিন্সিপাল ডঃ আর সি গুপ্ত জানান, ভিডিও দেখে দু’জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। জেলা প্রশাসনকেও তদন্তে যুক্ত করা হয়েছে।

এই ঘটনায় রাজ্যের চিকিৎসা ব্যবস্থার মানবিকতার প্রশ্ন উঠেছে। হাসপাতালের অমনোযোগিতা ও দায়িত্বজ্ঞানহীন আচরণে সাধারণ মানুষের ভরসা চূড়ান্তভাবে চোট খেয়েছে। সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র নিন্দা। প্রশ্ন উঠছে—রোগীর প্রাণ কি এভাবে ঝরে যাওয়ার কথা ছিল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.