বীরভূমের সাঁইথিয়া ব্লকের লাভপুর বিধানসভার অন্তর্গত শ্রীনিধিপুর গ্রামে রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল তৃণমূল নেতা পীযূষ ঘোষের মৃতদেহ। তিনি ছিলেন অঞ্চল সভাপতি ও সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ।
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পীযূষবাবুকে। রাত্রি প্রায় দুটো নাগাদ গ্রামেরই এক রাস্তার মোড়ে পড়ে থাকতে দেখা যায় তার নিথর দেহ।
বাবার দাবি, ছেলেকে গুলি করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
কে বা কারা, কী উদ্দেশ্যে এই খুন, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে কোনও মন্তব্য করতে নারাজ।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীনিধিপুর-সহ গোটা সাঁইথিয়া এলাকায়।







