স্বাধীনতা দিবসের সকালেই পূর্ব বর্ধমানের নলা ফেরিঘাট এলাকায় ঘটল ভয়াবহ বাস দুর্ঘটনা। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের ১০ যাত্রীর, আহত অন্তত ৩৫ জন। আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের দিকে যাচ্ছিল বাসটি। পথে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে বা নিয়ন্ত্রণ হারিয়ে চালক সরাসরি পেছন থেকে ধাক্কা মারেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি স্থির অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, যার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। তাঁরা মতিয়ারের চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা এবং গঙ্গাসাগরে স্নান শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার সময় বাসে মোট ৪৫ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে পাঁচজন শিশু। দুর্ঘটনার পর ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







