দুর্গাপুরের কাঁকসার শিবপুরের গড় জঙ্গল থেকে একসঙ্গে চারটি কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হওয়া কঙ্কালগুলির মধ্যে একটি শিশুর, দুটি মহিলার এবং একটি পুরুষের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের বুদবুদ এলাকায় একটি পরিবারের চার সদস্য গত আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন। জঙ্গল থেকে উদ্ধার হওয়া চারটি কঙ্কাল সেই নিখোঁজ পরিবারের সদস্যদের কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়নি।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। উদ্ধার হওয়া দেহাবশেষ ঘিরে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। সেই নমুনা পরীক্ষার পরই কঙ্কালগুলির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
চারজনের মৃত্যু কীভাবে হল, তা নিয়েও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এটি আত্মহত্যার ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—সব দিক খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ। নিখোঁজ পরিবারের সঙ্গে উদ্ধার হওয়া কঙ্কালগুলির কোনও যোগসূত্র রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে।
ফরেন্সিক রিপোর্ট এবং তদন্তের পরই গোটা ঘটনার রহস্যের কিনারা হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে ঘিরে শিবপুরের গড় জঙ্গল এবং আশপাশের এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।







