রাজনীতি

নন্দীগ্রামে ফের সবুজ ঝড়, রানিপুর সমবায়ে বিজেপিকে হারিয়ে জয় তৃণমূলের

নন্দীগ্রামে ফের বিজয়ী তৃণমূল কংগ্রেস। রানিপুর সমবায় সমিতির নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপিকে পরাজিত করে ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয় পেল শাসকদল। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচটি আসন জিতেছিল তৃণমূল। বাকি ৪০টি আসনে তৃণমূল-বিজেপির সরাসরি লড়াইয়ে শেষ পর্যন্ত বিজেপি থামল ১৮টিতে। রবিবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় সবুজ আবির উড়তে দেখা যায়।

আমদাবাদ সমবায় সমিতির ভোটে পরাজয়ের সাত দিনের মাথায় রানিপুরেও বিজেপির হার—শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সমবায় জয়কে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে দাবি করছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের একাংশ এই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে।

তৃণমূলের দাবি, সমবায় ভোট হলেও এই জয় সাধারণ নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ। তার কারণ দু’টি। প্রথমত, নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দ্বিতীয়ত, ২০২৬ সালের বিধানসভা ভোটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুভেন্দুর ‘গড়ে’ শুরু হওয়া সেবাশ্রয় প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। তৃণমূলের মতে, সেই প্রভাবই পড়েছে ভোটের ফলাফলে।

তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, “আমদাবাদ-২ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। লোকসভা ভোটেও যেখানে বিজেপি এগিয়ে ছিল, সেখানকার মানুষই আজ তৃণমূল প্রার্থীদের জয়ী করেছেন। এই ফল সাধারণ নির্বাচনকেও হার মানায়।” তাঁর অভিযোগ, আমদাবাদে হারার পর রানিপুরে জয় পেতে মরিয়া হয়ে শনিবার রাত থেকেই এলাকায় সন্ত্রাস চালিয়েছে বিজেপি।

ভোটকে ঘিরে শনিবার রাত থেকেই রানিপুরে শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের প্রার্থীদের বাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর হয়েছে একাধিক বাড়ি। বিজেপিও একই অভিযোগ তোলে তৃণমূলের বিরুদ্ধে। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন জখম হয়েছেন বলে খবর।

ভোটের দিন চাপানউতর যখন তুঙ্গে, তখন শুভেন্দু অধিকারী ছিলেন পার্শ্ববর্তী হরিপুর এলাকায়। তৃণমূলের দাবি, সেখান থেকেই তিনি ফল প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বক্তব্য, একটি সমবায় ভোটে নাক গলানোর সময় বিরোধী দলনেতার নেই।

রানিপুরে পরাজয় নিয়েও ‘নৈতিক জয়ের’ দাবি করেছে বিজেপি। দলের নেতা প্রলয় পাল বলেন, “সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের জয় নিয়ে লাফালাফি করছে। সেখানে প্রায় শতভাগ সংখ্যালঘু ভোটারের মধ্যেও আমরা ১৮টি আসন জিতেছি। এটিই আমাদের কাছে নৈতিক জয়।”

এদিকে ভোটগণনার সময় নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে ফল জানতে উৎকণ্ঠা চরমে ওঠে। এক পর্যায়ে ফলাফল নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও শেষ পর্যন্ত ২৭-১৮ ফল জানার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন তৃণমূল নেতৃত্ব।

নন্দীগ্রামের রাজনীতিতে এই জয় আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূলের মনোবল আরও বাড়াল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.