খেলাধুলা

“বাবা-মায়ের ছোঁয়ায় ৭৪, যুদ্ধ থেকে ফুটবল—রশিদের গল্প অনন্য”

লাল-হলুদের জার্সিতে লেখা ‘বাসিম রশিদ’। পিছনে ৭৪। কিন্তু এই নাম আর এই সংখ্যা শুধু একটি পরিচিতি নয়—এ যেন একটি ইতিহাস, একটি আবেগ, একটি সংগ্রামের গল্প।

ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবার আগলাবেন প্যালেস্তাইনের জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলার মহম্মদ বাসিম আহমেদ রশিদ। এই রশিদই একবার বলেছিলেন, “অসম্ভব বলে কোনও শব্দ প্যালেস্টিনীয়দের অভিধানে নেই। জন্ম থেকেই আমরা যোদ্ধা।” সেই লড়াইয়ের মানসিকতা নিয়েই এসেছেন কলকাতার ফুটবলে।

জাতীয় দলের হয়ে পরেন ৩ নম্বর জার্সি। আর ইস্টবেঙ্গলের জার্সি নম্বর ৭৪। কারণ? এক অদ্ভুত অথচ আবেগঘন সংযোগ। রশিদের বাবা বাসিম রশিদের জন্ম জুলাই মাসে (৭), আর মায়ের জন্ম এপ্রিল (৪)। এই দুই সংখ্যার সম্মিলনেই ৭৪। আর ৭ থেকে ৪ বিয়োগ করলে যে ৩ হয়, সেটাই রশিদের জন্মদিন—৩ জুলাই। জাতীয় দলে সেই কারণেই তাঁর পিঠে থাকে ৩ নম্বর, আর ক্লাব ফুটবলে এই বিশেষ ৭৪।

জার্সিতে নিজের সঙ্গে বাবার নামও রেখেছেন তিনি—‘বাসিম রশিদ’। বাবার স্মৃতিকে বুকে নিয়ে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত রশিদ।

শৈশব কেটেছে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের রাস্তায়। ১৬ বছর পর্যন্ত ছিলেন সেখানে। রাস্তায় ফুটবল খেলেই তৈরি হয়েছিল পায়ের জাদু। এরপর মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আফ্রিকা—কোথাও ছড়িয়ে রয়েছে তাঁর কেরিয়ারের ছাপ। খেলেছেন স্ট্রাইকার হিসেবে, ছিলেন সেন্টার ব্যাক। পরে সৌদি আরবে পরিণত হন ডিফেন্সিভ মিডফিল্ডারে। আর এখন অস্কার ব্রুজোনের ছায়ায় তিনি হবেন ইস্টবেঙ্গলের মাঝমাঠের স্তম্ভ।

সঙ্গে থাকবেন ব্রাজিলিয়ান মিগুয়েল। দু’জন মিলে গড়বেন ‘রেড অ্যান্ড গোল্ড’-এর নতুন লড়াকু হৃদয়।

সমর্থকরা ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছেন। কারণ তারা জানেন—৭৪ শুধু একটা সংখ্যা নয়, এই সংখ্যার পায়েই ফুটবে গোলের ফুল। লাল-হলুদের নতুন ভরসা এখন বাসিম রশিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.