বিনোদন

‘কিংডম’ নিয়ে পর্দায় ফিরছেন বিজয় দেবেরাকোন্ডা, ট্রেলারে উন্মাদনা তুঙ্গে

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা আবারও বড়োপর্দায় ফিরছেন তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘কিংডম’ নিয়ে। ছবিটি মুক্তি পেতে চলেছে ৩১ জুলাই, আর তার আগেই উত্তেজনার পারদ ছুঁয়েছে আকাশ। শনিবার, ২৬ জুলাই তিরুপতির নেহরু মিউনিসিপাল গ্রাউন্ডে আয়োজিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ঘিরে ছিল চোখে পড়ার মতো উন্মাদনা। ভক্তদের ভিড় ও উৎসবপ্রবণতা যেন জানান দিচ্ছিল এই ছবি বক্স অফিসে ধামাকা করবেই।

ট্রেলার মুক্তির ১২ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ভিউ ছাড়িয়েছে ৩.৮৫ মিলিয়ন। ছবিতে বিজয়ের রায়লসীমা টোনে সংলাপ দর্শকদের বেশ মনে ধরেছে। ছবিতে তাঁকে দেখা যাবে নবাগত ভাগ্যশ্রী বরসের বিপরীতে। পাশাপাশি থাকছেন সত্যদেব কানচরণা। পরিচালনায় গৌতম তিন্নানুড়ি এবং সুরের জাদুতে অনিরুদ্ধ রবিচন্দর। এই প্যান-ইন্ডিয়া ছবিটি মুক্তি পাবে তেলুগু ছাড়াও হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায়। ট্রেলারের টিজারে বিশেষ চমক তিন সুপারস্টার, জুনিয়র এনটিআর (তেলুগু), সুরিয়া (তামিল) এবং রণবীর কাপুর (হিন্দি)-এর ভয়েসওভার, যা আরও বাড়িয়ে দিয়েছে দর্শকের কৌতূহল।

শনিবার সন্ধ্যার অনুষ্ঠানে বিজয় নিজেই ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় সংলাপ নকল করে ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে দেন। সদ্য ডেঙ্গি থেকে সুস্থ হয়ে উঠেই তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন, যা অনুরাগীদের আরও আবেগতাড়িত করেছে। বিশাল ৪০ ফুট লম্বা কাটআউট ও উৎসব মুখর আয়োজন প্রমাণ করে, ‘কিংডম’ হতে চলেছে বছরের অন্যতম আলোচিত ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.