উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার শালিপুর গ্রামে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা। একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সাদা প্লাস্টিকে মোড়া অবস্থায় দু’টি তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, এলাকায় অশান্তির পরিবেশ তৈরির উদ্দেশ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ওই বোমা মজুত করে রেখেছিল। যদিও এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত তৃণমূলের তরফে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে বিজেপি কর্মী-সমর্থকেরা এলাকায় দলীয় পতাকা লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় তাঁদের নজরে আসে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপরে জলের ট্যাঙ্কের পাশে সাদা প্লাস্টিকে মোড়া সন্দেহজনক বস্তু। কাছে গিয়ে দেখতেই বোমা বলে সন্দেহ হয়। এরপরই বিষয়টি হাড়োয়া থানায় জানানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বোমাগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি কে বা কারা ওই বোমা সেখানে রেখে গিয়েছিল, তা জানতে তদন্তও শুরু হয়েছে।
ঘটনার পর বিজেপি কর্মী বিমল দাস বলেন, “আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছিলাম। তখনই স্কুলের ছাদের উপরে জলের ট্যাঙ্কের পাশে প্লাস্টিকে মোড়া বোমা দেখতে পাই। সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই। এই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।”
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জনবহুল এলাকার পাশাপাশি একটি বিদ্যালয়ের কাছে বোমা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং দোষীদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।







