নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কান্ডের কিনারা করার জন্য একেবারে আদাজল খেয়ে মাঠে নেমেছে পুলিশ। এবার যাদবপুরে পড়ুয়া মৃত্যুর তদন্তের জন্য হোস্টেলের ক্যান্টিনের এক রাঁধুনিকে তলব করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর পুলিশি জেরায় যাদবপুরের ক্যান্টিনের রাঁধুনি স্বীকার করেছেন ‘ছাত্রদের উপর কিভাবে অত্যাচার’ হত। এবার সেই ক্যান্টিনেরই আরও পাঁচ কর্মচারীকে থানায় ডেকে পাঠাল পুলিশ। বুধবারই তাঁদেরকে যাদবপুর থানায় আসতে বলা হয়েছে। দুপুর পর্যন্ত তাঁদের বেশ কয়েক জন থানায় এসে পৌঁছেও গেছে বলে পুলিশ সূত্রে খবর। এবার ক্যান্টিন থেকে যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় কী সূত্র মিলতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
গত মঙ্গলবার লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল যাদবপুরের মেন হস্টেলের ক্যান্টিনের রাঁধুনিকে। দুর্ঘটনার রাতে বা তার আগে মেন হস্টেলে কারা কারা আসত ? মূলত হস্টেলের ভিতর রাতের অন্ধকারে কী হত? ঘটনার দিন ওই পড়ুয়ার সঙ্গে ঠিক কী হয়েছিল? এছাড়াও ওই ছাত্রকে যখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হল তারপর রাতে সৌরভ চৌধুরী নেতৃত্বে যে সকল ছাত্ররা ছিল তারা মূলত কী করছিল? তা নিয়ে এর আগেও পুলিশি জিজ্ঞাসাবাদে মুখ খুলেছিলেন ওই রাঁধুনি। তিনি জানিয়েছিলেন, হস্টেলে প্রথম বর্ষের ছাত্রদের উপর হওয়া অত্যাচারের কথা। মঙ্গলবার দিন আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর গত ৯ অগস্ট রাতের ঘটনা সম্পর্কেও বয়ান রেকর্ড করা হয়। তাতে র্যাগিংয়ের প্রমাণও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তার ২৪ ঘণ্টার মধ্যেই ক্যান্টিনের কর্মচারীদেরও ডেকে পাঠানো হল থানায়।
পুলিশের অনুমান, ক্যান্টিনে যে হেতু সব ছাত্রদেরই অল্পবিস্তর যাতায়াত থাকে, সে জন্য ছাত্রদের পারস্পরিক কথাবার্তা বা আচরণ চোখের সামনে দেখতে পান ওখানকার কর্মচারীরা। এছাড়া হস্টেল সংলগ্ন হওয়াতে বিভিন্ন ঘটনাও ক্যান্টিনের কর্মচারীদেরও চোখে পড়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।ঠিক যেমন রাঁধুনির চোখে পড়েছিল জুনিয়রদের উপর হওয়া অত্যাচারের ঘটনাটি। খবর, পুলিশ হয়তো এই কর্মচারীদের উপর জিজ্ঞাসাবাদ করে সে ব্যাপারেই জানতে চাইতে পারে।







