বিদেশ

প্রথম হিন্দু মহিলা হিসাবে নজির, বালোচিস্তানের গর্ব এখন এক হিন্দু কন্যা

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে প্রথম হিন্দু মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে নজির গড়লেন কশিশ চৌধুরী। ব্যবসায়ী গিরিধারী লালের কন্যা কশিশ ছোটবেলা থেকেই প্রান্তিক মানুষ, বিশেষ করে বালোচিস্তানের নারীদের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখতেন। সেই লক্ষ্যেই তিনি প্রস্তুতি নেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে হয়ে ওঠেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।

এই সাফল্যে কশিশ শুধু নিজের নয়, পুরো বালোচিস্তানের গর্ব হয়ে উঠেছেন। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “কশিশ গোটা দেশের গর্ব। তাঁর এই কৃতিত্ব অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

তবে কশিশের এই সাফল্য এমন এক সময়ে এল, যখন বালোচিস্তানে চলছে রাজনৈতিক অস্থিরতা। স্বাধীনতার দাবি দিন দিন জোরালো হচ্ছে। বালোচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ সম্প্রতি জানান, ১৯৭১ সালের বাংলাদেশের মতো এবার বালোচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীনতা অর্জনের পথে এগোচ্ছে। বালোচ লিবারেশন আর্মি এক্স হ্যান্ডেলে হামলার ভিডিও প্রকাশ করে দাবি করেছে, তারা ইতিমধ্যেই বালোচ অঞ্চলের ৩০ শতাংশ দখল করতে সক্ষম হয়েছে। এই পরিস্থিতিতে কশিশের মতো এক হিন্দু নারীর প্রশাসনে উঠে আসা বালোচিস্তানের সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে নতুন বার্তা বহন করে।

ধর্ম, লিঙ্গ ও জাতিগত বিভেদকে উপেক্ষা করে কশিশ চৌধুরীর এই অগ্রগতি এক নতুন আশা ও সম্ভাবনার দিগন্ত খুলে দেয়। তাঁর এই যাত্রা ভবিষ্যতের বালোচিস্তানের সমাজ গঠনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.