বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারে অভিজ্ঞতার অভাব স্পষ্টভাবে ধরা পড়েছিল। বিশেষত ইংল্যান্ড সফরে শ্রেয়স আয়ারকে না নেওয়ার সিদ্ধান্ত ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেটমহলে। তবে বোর্ড অবশেষে বুঝেছে ভুল, এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে—সব ঠিক থাকলে আবার তিন ফরম্যাটেই ফিরছেন শ্রেয়স।
আগামী সপ্তাহে এশিয়া কাপের দল চূড়ান্ত করতে বৈঠকে বসবেন নির্বাচকরা। সেখানেই শ্রেয়সের দলে ফেরা প্রায় নিশ্চিত বলে বোর্ড সূত্রে জানা গেছে। শুধু একদিনের ক্রিকেট নয়, দেশের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাঁকে মিডল অর্ডারের ভরসা হিসাবে ভাবা হচ্ছে। বোর্ডের এক কর্তা জানান, “শ্রেয়সের মতো ব্যাটার স্পিনারদের দারুণ খেলতে জানে, দেশের মাঠে এটা বড় সম্পদ।”
চোট এবং ফর্মহীনতায় গত বছর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স। কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন ঘরোয়া ক্রিকেটে অনীহা দেখানোর কারণে। তবে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন তিনি—৫ ম্যাচে করেছেন ৪৮০ রান, যার মধ্যে রয়েছে দুটি শতরান।
এদিকে, ইংল্যান্ড সিরিজের পর ভারতের সামনে এখন এক মাসের বিরতি। বাংলাদেশ বা শ্রীলঙ্কার বিরুদ্ধে সম্ভাব্য সিরিজ বাতিল করেছে বোর্ড, কারণ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের ব্যস্ত সূচি। এই সময়টাই শ্রেয়সের জন্য নিজেকে প্রস্তুত করে তোলার আদর্শ মঞ্চ। বোর্ডের আস্থা তাঁর উপর স্পষ্ট—এখন শুধু মাঠে তা প্রমাণের অপেক্ষা।







