‘চোরি চোরি দিল তেরা চুরায়েঙ্গে’ থেকে ‘লড়কি বারি আনজানি হ্যাঁ’ একের পর এক রোম্যান্টিক গানের জন্য এখনও শ্রোতাদের মনে উজ্জ্বল কুমার শানু। তবে গানের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনও বহুবার শিরোনামে এসেছে। সম্প্রতি গায়কের ছেলে জান কুমার শানু ফের বাবার প্রসঙ্গ তুলেছেন। এক সাক্ষাৎকারে জান জানান, কুমার শানুর সহযোগিতা পেলে আজ হয়তো তিনি ইন্ডাস্ট্রির বড়ো নাম হতেন। যদিও স্পষ্ট করেছেন, বাবার বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই, সবটাই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন।
২০২০ সালে সলমন খানের রিয়েলিটি শো বিগ বস-এ অংশ নিয়ে কিছুটা পরিচিতি পান জান, তবে বড়সড় সাফল্য এখনও অধরা। জান জন্মানোর আগেই বিচ্ছেদ হয়ে যায় তাঁর বাবা-মায়ের। ইন্ডাস্ট্রিতে আসার পর রীতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন শানু, কিন্তু ছমাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে দেন তিনি। সে সময় এক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়ায়। এরপর রীতা একাই সন্তানদের মানুষ করেন। জানের দুই দাদা, জেসি ও জিকো। তারাও বাবার মতো সংগীত জগতে বড়ো নাম করতে পারেননি।
জান জানান, তাঁর জীবনে ভালোবাসার একমাত্র মানুষ মা রীতা, যিনি একার হাতে তাঁকে বড়ো করেছেন। তাঁর কাছে মা-ই বাবা ও মা দুজনের সমান। যদিও কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, তবে তা টক-মিষ্টি। রীতার সঙ্গে বিচ্ছেদের পর কুমার শানু একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। পরে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন এবং তাঁদের দুই কন্যা রয়েছে। তবুও, বাবার মতোই গানকে পেশা হিসেবে বেছে নিয়েছেন জান, সাফল্যের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।







