হাওড়ার চ্যাটার্জি হাট এলাকায় এক প্রৌঢ়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বন্ধ ঘরের ভিতর থেকে দরজা ভেঙে উদ্ধার হল ৫০ বছর বয়সি জয়ন্ত চৌধুরীর দেহ। দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চ্যাটার্জি হাটের ওই বাড়িতে জয়ন্ত একাই থাকতেন। গত তিন থেকে চার দিন ধরে তাঁকে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না। বারবার ডাকাডাকিতেও কোনও সাড়া না মেলায় সন্দেহ দানা বাঁধে প্রতিবেশীদের মনে। শেষমেশ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ দেখে, বিছানার উপর নিথর পড়ে রয়েছে জয়ন্তের দেহ।
প্রাথমিক তদন্তে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, জয়ন্ত পেশায় একটি বিমা সংস্থার কর্মী ছিলেন। ২০২০ সাল থেকে নিমতলা এলাকার ওই বাড়িতে একাই বসবাস করতেন তিনি। প্রায় ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান বর্তমানে কলকাতার নেতাজিনগর এলাকায় থাকেন। পারিবারিক বিচ্ছেদের পর থেকেই কার্যত নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন জয়ন্ত।
জানা গিয়েছে, তাঁর বাবার মৃত্যুর পর মা দিদির বাড়িতে চলে যান। ফলে বাড়িতে একাই থাকতেন তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন, শান্ত স্বভাবের মানুষ ছিলেন জয়ন্ত। কারও সঙ্গে বিশেষ ঝামেলায় জড়াতেন না। হঠাৎ এই মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে।
পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে তদন্তকারীরা।







