ভারতীয় ফুটবল এখন গভীর সংকটে। ফিফা র্যাঙ্কিংয়ে ধস, আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত, আর এর মধ্যেই জাতীয় দলের হাল ধরেছেন খালিদ জামিল। এমন সময়ে কিংবদন্তি বাইচুং ভুটিয়ার কণ্ঠে উদ্বেগ ও ক্ষোভ— তাঁর মতে, ফেডারেশনের স্বার্থরক্ষা আর চেয়ার আঁকড়ে রাখা ছাড়া বর্তমান নেতৃত্বের অন্য কোনও লক্ষ্য নেই। খালিদের দায়িত্ব নেওয়া তাই একপ্রকার ঝুঁকির সমান।
বাইচুং স্পষ্ট বলেছেন, ফেডারেশন কর্তাদের সঙ্গে কাজ করা ভীষণ কঠিন। ইগর স্টিমাচ ও মানোলো মার্কুয়েজের মতো কোচেরা টিকতে না পারার পর, ‘ইয়েসম্যান’ মানসিকতার কারণে ভারতীয় কোচকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের আমলে ফুটবল পিছিয়েছে, অভিযোগ বাইচুংয়ের। তাঁর প্রশ্ন— কোচদের বেতন দেওয়ার টাকা গেল কোথায়? একের পর এক দুর্নীতি ও বিশৃঙ্খলাই যে খেলাকে ক্ষতিগ্রস্ত করছে, তাও তুলে ধরেছেন তিনি।
আইএসএল অনিশ্চয়তায় কল্যাণ চৌবে স্বীকার করেছেন ফুটবল কঠিন সময়ে আছে, কিন্তু বাইচুংয়ের দাবি— এই পরিস্থিতির জন্য দায়ী তিনিই। সমস্যা সমাধানে ব্যর্থ হলে পদ ছেড়ে দেওয়াই শ্রেয়, যাতে যোগ্য কেউ এসে দায়িত্ব নিতে পারেন। সুপার কাপ আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে তাঁর মত, মাস্টার রাইটস নিয়ে আগেই সমাধান করা উচিত ছিল। অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের উদাহরণও তিনি টেনেছেন।
ন্যাশনাল স্পোর্টস বিল রাজ্যসভায় পাস হওয়াকে স্বাগত জানিয়েছেন বাইচুং। তাঁর আশা, নতুন আইন ভারতীয় ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতা ও সততার ভিত্তি গড়ে তুলবে। তবে ফুটবলের পুনর্জাগরণের জন্য প্রয়োজন সাহসী ও দক্ষ নেতৃত্ব, যা বর্তমান পরিস্থিতিতে একেবারেই অনুপস্থিত।







