রাজনীতিরাজ্য

সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু: ময়নাতদন্তের দাবিতে CPM–BJP ধাক্কাধাক্কি

হুগলি জেলার সিঙ্গুরে নার্সিংহোমে চাকরিতে যোগ দেওয়ার মাত্র তিন দিনের মাথায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ২৪ বছরের এক নার্সের দেহ। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়— সরাসরি খুন। তাঁদের অভিযোগ, ঘটনার তদন্তে রাজ্য সরকারের উপর আস্থা নেই, তাই ময়নাতদন্ত হোক এইমস বা কমান্ড হাসপাতালে। এই দাবি নিয়ে শুরু হল তীব্র রাজনৈতিক সংঘাত।

বুধবার রাতে নার্সিংহোমের চতুর্থ তলার একটি কক্ষ থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। সহকর্মীর বক্তব্য, রাতে দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে দেখেই প্রথমে তাঁরা বিষয়টি টের পান। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে মেয়েকে খুন করা হয়েছে।

মৃতদেহের ময়নাতদন্ত নিয়ে শুরু হয় টানাপোড়েন। হুগলি জেলা পুলিশের দাবি, প্রথমে দেহ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে পরিবারের আপত্তি না থাকলেও, হাসপাতাল কর্তৃপক্ষ দেহ রেফার করে দেয় কলকাতা মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে। সেখানে গিয়ে পরিবার জানায়, তারা রাজ্যের অধীনে কোনও মর্গে পোস্ট-মর্টেম চান না— এইমস বা কমান্ড হাসপাতালে ময়নাতদন্তই তাদের একমাত্র দাবি।

এই দাবি ঘিরেই কলকাতা মেডিক্যাল কলেজের সামনে অগ্নিগর্ভ পরিস্থিতি। একদিকে মৃতার পরিবারের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে SFI ও সিপিএম, অন্যদিকে বিজেপি নেতারা উপস্থিত। অভিযোগ-প্রত্যারোপে উত্তাল হয়ে ওঠে এলাকা। সিপিএমের অভিযোগ, বিজেপি তৃণমূলের মতোই পরিবারকে ‘কেনার’ চেষ্টা করছে। পাল্টা বিজেপির দাবি, শুরু থেকে লড়াই তারা চালিয়ে এসেছে, এবং নোংরা রাজনীতি করছে বাম ছাত্র সংগঠন।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, এইমসে ময়নাতদন্ত করাতে হলে আদালতের অনুমতি জরুরি, যা স্বাধীনতা দিবসে কার্যত সম্ভব নয়। ফলে দেহ কোথায় থাকবে এবং কবে ময়নাতদন্ত হবে— সবই এখন অনিশ্চিত।

এই ঘটনায় সিঙ্গুরের নার্সিংহোম, হাসপাতাল কর্তৃপক্ষ, রাজ্য পুলিশ এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রহস্যমৃত্যুর তদন্ত কোন পথে যাবে, তার উত্তর এখনও সময়ের হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.