ফুটবল দুনিয়ায় নামটা এখনও আলোচিত, তবে আলোচনার কেন্দ্রে থেকে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছেন নেমার। ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরে ব্রাজিল দলে ফেরার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু ৬-০ গোলের ভয়াবহ পরাজয় যেন সেই স্বপ্নকে আরও দূরে ঠেলে দিল। ভাস্কো দা গামার কাছে বিধ্বস্ত হওয়ার পর কান্নায় ভেঙে পড়া নেমারের সেই ছবি ব্রাজিল জুড়ে আলোচনার কেন্দ্রে।
মাঠে নেমার ছিলেন কিন্তু ছায়ামূর্তির মতো। একসময় যিনি রঙিন ফুটবলের প্রতীক ছিলেন, এখন তাঁকেই হতাশায় কাঁদতে দেখা গেল। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে নেমার বললেন, “এতটা লজ্জার অভিজ্ঞতা জীবনে হয়নি। সমর্থকদের ক্ষোভের অধিকার রয়েছে। আমরা সবাইকে ভাবতে হবে, এ বার কোথায় ভুল হচ্ছে।” তাঁর কণ্ঠে ফুটে উঠল অসহায়তা।
এই বিপর্যয়ের দায়ে ক্লাব কর্তৃপক্ষও হাত গুটিয়ে বসে থাকেনি। ম্যাচ শেষের কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত করা হয় কোচ ক্লেবার জেভিয়েরকে। মাত্র চার মাসের দায়িত্বে তিনি দলের কোনো পরিবর্তন আনতে পারেননি। বর্তমানে ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে স্যান্টোস পড়ে আছে ১৫তম স্থানে। অবনমন এড়ানোই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
নেমারের কেরিয়ার যেন বারবার ধাক্কা খাচ্ছে। ২০২২ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই শুরু চোটের ধকল। প্রায় দেড় বছর মাঠের বাইরে থেকে আবার ফিরে এলেও নিজেকে মেলে ধরতে পারেননি। স্যান্টোসে প্রত্যাবর্তনের লক্ষ্য ছিল একটাই—আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার স্বপ্ন। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই স্বপ্নকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাল।







