তারকা জীবন মানেই কি সবসময় নজরে থাকা? ক্রিকেট মাঠের বাইরে বিরাট কোহলির জীবনে সেই প্রশ্নই যেন নতুন করে উঠে এল লন্ডনের রাস্তায়। স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তানের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে থাকলেও এক ভক্তের আচরণে বিরক্ত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মুখে কিছু না বললেও চোখের ভাষায় বুঝিয়ে দিলেন—‘সীমারেখা পেরিয়ে যেও না!’
আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোহলি। এখন ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে লন্ডনে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। কোহলি-অনুষ্কার ইচ্ছা, সন্তানরা যেন লাইমলাইটের বাইরে থেকে স্বাভাবিকভাবে বড় হয়। ভারতে সংবাদমাধ্যমের অত্যাধিক কৌতূহলই তাদের বিদেশে থাকার অন্যতম কারণ। কিন্তু লন্ডনেও মেলেনি সেই কাঙ্ক্ষিত শান্তি।
সাম্প্রতিক ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে অনুষ্কার সঙ্গে দাঁড়িয়ে আছেন কোহলি। ঠিক সেই সময়ই এক ভক্ত লুকিয়ে ভিডিও করতে শুরু করেন। চোখে পড়ার সঙ্গে সঙ্গেই বিরাটের চাহনিতে দেখা যায় বিরক্তি ও ক্ষোভ। যদিও ভক্তকে সরাসরি কিছু বলেননি তিনি, তবে প্রাইভেসি ভঙ্গের ঘটনায় তাঁর অস্বস্তি স্পষ্ট।
ক্যারিয়ারে একের পর এক সাফল্যের পর কোহলি এখন নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটের মূল মঞ্চ থেকে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ফোকাস এখন শুধু ৫০ ওভারের ক্রিকেটে। লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। তবে ব্যক্তিগত পরিসর রক্ষা করাই এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাঠের বাইরের ‘ফেয়ার প্লে’ও তো সমান গুরুত্বপূর্ণ।







