খেলাধুলা

মোহনবাগানের দাবি মেনে জাতীয় দলে নেই বাঙালী ফুটবলার, নেশন্স কাপে দল ঘোষণা ভারতের

ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত জিতল মোহনবাগানের দাবি। ডুরান্ড কাপ শেষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর জন্য এক জনও ফুটবলার ছাড়তে রাজি হয়নি সবুজ-মেরুন কর্তারা। ফলে কোচ খালিদ জামিলের ঘোষিত ২৩ জনের চূড়ান্ত দলে জায়গা হয়নি মোহনবাগানের বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো বা সাহালের মতো তারকাদের। দীর্ঘ দিনের মধ্যে প্রথমবার জাতীয় দলে এক জনও বাঙালি ফুটবলার নেই।

তবে ইস্টবেঙ্গলের আনোয়ার আলি, নাওরেম মহেশ সিংহ ও জিকসন সিংহ মূল দলে জায়গা পেয়েছেন। খালিদের নির্বাচিত দলে তিন গোলরক্ষক, সাত ডিফেন্ডার, আট মিডফিল্ডার ও পাঁচ ফরোয়ার্ডকে রাখা হয়েছে। প্রতিটি বিভাগে ভারসাম্য আনার চেষ্টা থাকলেও, অভিজ্ঞ মোহনবাগান ফুটবলারদের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ ভারতকে প্রথম ম্যাচেই নামতে হবে তুলনামূলক শক্তিশালী তাজিকিস্তানের বিরুদ্ধে।

এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরানও ভারতের গ্রুপে রয়েছে, যাদের ফিফা র‌্যাঙ্কিং ২০। গত আসরের চ্যাম্পিয়ন তারা। আফগানিস্তান র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও, অতীতে ভারতের কাছে অঘটন ঘটিয়েছে। অন্যদিকে তাজিকিস্তানও (১০৬) ভারতের (১৩৩) থেকে অনেকটা এগিয়ে। ফলে প্রতিটি ম্যাচেই ভারতকে বাড়তি চাপ সামলাতে হবে। খালিদের কাছে এই টুর্নামেন্টই প্রথম বড় আন্তর্জাতিক চ্যালেঞ্জ।

বিশ্লেষকদের মতে, নতুন দলে তারুণ্য ও উদ্যম থাকলেও অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট। বিশেষ করে থাপা বা লিস্টনের মতো মাঝমাঠের নিয়ন্ত্রক না থাকায় সৃজনশীলতার অভাব দেখা দিতে পারে। ডিফেন্সে সন্দেশ জিঙ্ঘন ও আনোয়ার আলির দায়িত্ব অনেকটাই বাড়বে। অন্যদিকে ছাংতে, বিক্রম প্রতাপ কিংবা ইয়াদওয়াদের মতো ফরোয়ার্ডরা ছন্দে থাকলে গোলের অভাব পূরণ সম্ভব। সব মিলিয়ে, মোহনবাগানশূন্য ভারতীয় দলকে নেশনস কাপে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.