সংসদ হামলার মূলচক্রী ললিত ঝা (Lalit Jha) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করেন তিনি।
ললিত বিহারের বাসিন্দা হলেও কলকাতাতেই শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ভগত্ সিংয়ের ভক্ত এই ব্যক্তি নাকি অভিযুক্তরা স্মোক গ্রেনেড ছোড়ার সময় তার ভিডিও করে এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানকে দেন, যাতে সেই ভিডিওটি সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তিনি নিজে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক।
তদন্তকারীদের দাবি, বেশ কয়েক মাস ধরে সংসদে হামলার পরিকল্পনা করেছিলেন ললিত। মানুষ হিসেবে রীতিমতো চুপচাপই থাকতেন। স্থানীয় পড়ুয়াদের পড়াতেন। বউবাজারের মুখচোরা ললিত যে এমন কিছু করতে পারেন এটা তাঁর পরিচিতদের কাছে অকল্পনীয়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে এলাকার জনৈক চা বিক্রেতা জানিয়েছেন, দুবছর আগে বউবাজার ছাড়েন ললিত।
হামলার পর দিল্লি থেকে রাজস্থানে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন তিনি। পরে সেখান থেকে ফের দিল্লি চলে আসেন। বৃহস্পতিবার সারাদিন ধরেই তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে গভীর রাতে দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করেছেন ললিত। তাঁর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
এদিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে ললিতের দাদা শম্ভু ঝাকে। তাঁর দাবি, ১০ ডিসেম্বর মা-বাবাকে ট্রেনে তুলে দেন ললিত। তার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের কারও কোনও যোগাযোগ নেই। শম্ভুর কথায়, ‘কারা ওর মগজধোলাই করল বুঝতে পারছি না।’
ললিতের গ্রেপ্তার নিয়ে সারা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, এই ঘটনায় ললিতের একা হাত নেই। তার পেছনে কোনও চক্রান্ত থাকতে পারে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।







