রাজস্থানের উদয়পুরে চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এল। ৫৫ বছরের রেখা নাম্নী এক মহিলা জন্ম দিলেন তাঁর সতেরোতম সন্তানের। চরম দারিদ্র্য, অগাধ ঋণের বোঝা ও অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই চলছে তাঁদের দিনযাপন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, রেখার স্বামী কাভরা কাগজকুড়ানির কাজ করে সংসার চালান। এর মধ্যেই সন্তানদের মুখে অন্ন তুলে দিতে গিয়ে তাঁকে ২০ শতাংশ সুদে লাখ লাখ টাকা ধার করতে হয়েছে। কিন্তু এখনও বাকি রয়ে গিয়েছে সুদের টাকা শোধ।
কাভরার কথায়,
“প্রধানমন্ত্রীর আবাস যোজনায় একটি বাড়ি পেয়েছিলাম। কিন্তু জমির মালিকানা আমাদের ছিল না। ফলে আজও গৃহহীন অবস্থাতেই দিন কাটাচ্ছি। খাবার, শিক্ষা, এমনকি পরিবারের সদস্যদের বিয়ে দেওয়ার ক্ষমতাও আমার নেই।”
রেখা ও কাভরার সন্তানদের মধ্যে চার ছেলে ও এক কন্যা জন্মের পরপরই মারা যায়। বর্তমানে তাঁদের পাঁচ সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, এমনকি নাতি-নাতনিরাও রয়েছে। তার মধ্যেই রেখার কোলে এল আরও একটি শিশু।
এই ঘটনায় অবাক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। উদয়পুরের স্বাস্থ্যকেন্দ্রের স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোশন দারাঙ্গি জানান,
“রেখা হাসপাতালে ভর্তি হওয়ার সময় পরিবার জানিয়েছিল তাঁর চার সন্তান রয়েছে। পরে জানতে পারি, এটাই তাঁর সতেরোতম সন্তান। শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল।”
পরিবারের নিকটজনরাও হতবাক রেখার এই দীর্ঘ মাতৃত্বজীবন দেখে। অগণিত সমস্যার মাঝেও সন্তান জন্ম দেওয়ায় প্রশ্ন উঠছে পরিবার পরিকল্পনা, আর্থিক অনটন ও সামাজিক নিরাপত্তা নিয়ে।
এই ঘটনাই আবার সামনে আনল দেশের প্রান্তিক মানুষদের জীবনে দারিদ্র্য, অশিক্ষা ও স্বাস্থ্যসচেতনতার অভাব কীভাবে একই সঙ্গে বিপর্যয় ডেকে আনছে।







