অনুপম জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের খন্ডরুই গ্রামে জাতপাতকে কেন্দ্র করে শ্মশানঘাটে দাহকার্য নিয়ে উত্তেজনা ছড়াল। মুখ্যমন্ত্রীর অনুদানে তৈরি “সবার জন্য উন্মুক্ত দাহঘর” থাকা সত্ত্বেও জাতিভেদমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করেন এলাকার হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা।
খবর পেয়ে দাঁতন থানার আইসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে বিশাল পুলিশ বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণভাবে দাহকার্য চলছে।
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই দাহঘর সকলের জন্য উন্মুক্ত। জাতপাতের ভিত্তিতে কোনো বিভেদ বরদাস্ত করা হবে না। স্থানীয় বাসিন্দারাও আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।







