বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। খুড়তুতো চাচির বটির কোপে গুরুতর জখম হলেন ছাত্রলীগের প্রাক্তন নেতা। পরকীয়া সম্পর্কের জেরে মঙ্গলবার রাতের এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এলাকায়।
আহত ছাত্রলীগ নেতা সজল হোসেন হরিহরা গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তিনি শৈলকুপা উপজেলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক। আর অভিযুক্ত গৃহবধূ কল্পনা খাতুন (২৭) পেশায় গার্মেন্টস কর্মী সাজ্জাদ হোসেনের স্ত্রী। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
দীর্ঘদিনের সম্পর্ক, বিচ্ছেদ ও পুনর্বিবাহ
স্থানীয় সূত্রে জানা যায়, কল্পনা খাতুনের সঙ্গে বহুদিন ধরেই সজলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বামী সাজ্জাদ হোসেন তাকে ডিভোর্স দেন। এরপর চাচিকে বিয়েতে রাজি না হওয়ায় সজলের বিরুদ্ধে গ্রাম্য সালিশ থেকে থানা-পুলিশ পর্যন্ত অভিযোগ ওঠে। শেষপর্যন্ত কল্পনা ফের আগের স্বামীর সঙ্গেই সংসার শুরু করেন। অন্যদিকে ছয় মাস আগে বিয়ে করেন সজল।
কিন্তু সম্পর্ক আবারও জুড়ে যায়। মঙ্গলবার রাতে কল্পনার ঘরে প্রবেশ করলে হঠাৎ তার হাতেই বটির কোপে গুরুতর জখম হন সজল। রক্তাক্ত অবস্থায় তিনি পালিয়ে গিয়ে চিকিৎসা নেন।
দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ
অভিযুক্ত গৃহবধূ কল্পনা খাতুন দাবি করেছেন, “বিচ্ছেদের পর সজলের সঙ্গে আর কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ সে জোর করে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করছিল। আত্মরক্ষার জন্যই আমি বটি চালাই।”
অন্যদিকে তার স্বামী সাজ্জাদ হোসেন বলেন, “আমি ঢাকায় ছিলাম। খবর পেয়ে গ্রামে আসি। খুড়তুতো ভাইপো সজল জোর করে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করছিল।”
অভিযুক্ত ছাত্রলীগ নেতা সজল হোসেন অবশ্য ভিন্ন দাবি করেন। তার কথায়, “সম্পর্ক ছিল, তা অস্বীকার করছি না। কিন্তু ছয় মাস আগে আমি বিয়ে করেছি। কল্পনার কাছে আমার কিছু ঘনিষ্ঠ ছবি ছিল। সেগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছিল। সংসারে অশান্তি তৈরি করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।”
পুলিশের বক্তব্য
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “এখনও পর্যন্ত কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারগুলির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।







