আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চমকপ্রদ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জনবিন্যাসের সঙ্গে তাল মিলিয়ে প্রায় ১৪ হাজার নতুন ভোটগ্রহণ কেন্দ্র তৈরি হতে চলেছে রাজ্যে। এতে মোট বুথের সংখ্যা পৌঁছে যাবে প্রায় ৯৫ হাজারে। সূত্রের খবর, এই পুনর্বিন্যাস নিয়ে ইতিমধ্যেই সর্বদল বৈঠকের ডাক দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কোন এলাকায় বুথ বাড়ানো হবে, কীভাবে বিতরণ হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে আলোচনা হবে বৈঠকে। বিশেষ করে শহরাঞ্চলে ভোটদানের হার বাড়াতে হাইরাইজ আবাসনগুলিকেও সম্ভাব্য বুথ হিসেবে ভাবা হচ্ছে। প্রতি বুথে সর্বোচ্চ ভোটারসংখ্যা ১৫০০ থেকে কমিয়ে ১২০০ করার পর থেকেই বুথ বৃদ্ধির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ফলে নতুন ভোটকেন্দ্রের তালিকা ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।
তবে শুধু বুথ বাড়ানো নয়, প্রতিটি কেন্দ্রের কাঠামো ও পরিকাঠামো নিয়েও কড়া হচ্ছে কমিশন। ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে পানীয় জল, বেঞ্চ-চেয়ার এবং টেবিল—সবকিছুর উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে। প্রবীণ, অন্তঃসত্ত্বা ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য আলাদা বসার ব্যবস্থার নির্দেশও দেওয়া হয়েছে। অভিযোগ এসেছে, বহু কেন্দ্রে এখনও এসব মৌলিক সুবিধা নেই। তাই সমস্ত বুথ পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের সংস্থা ‘দ্য ম্যাকিন্টশ বার্ন লিমিটেড’-কে। বুধবারের বৈঠকে পরিকাঠামোর ঘাটতি কীভাবে পূরণ হবে, সেই নিয়েও আলোচনা হতে পারে বলে কমিশন সূত্রে খবর। সব মিলিয়ে, নির্বাচনের আগেই এক নতুন ভোটপরিবেশ গড়ে তুলতে মরিয়া কমিশন।







