ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ইতিহাসে বহুবার অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলেও সেখান থেকেই নতুন সুযোগ খুঁজে নিয়েছে তারা। ‘ড্রিম ১১’ সরে যাওয়ায় প্রথমে ক্ষতির আশঙ্কা তৈরি হলেও এখন সেটিই যেন হয়ে উঠছে শাপে বর। কারণ বোর্ড এখন নতুন স্পনসর থেকে আরও বেশি অর্থ পাওয়ার লক্ষ্য নিয়েছে। কর্তাদের আশা, ২০২৫ থেকে ২০২৮ সালের জন্য অন্তত ৪৫০ কোটি টাকার চুক্তি পাকা করা সম্ভব হবে।
আগের চুক্তিতে ‘ড্রিম ১১’ তিন বছরে ৩৫৮ কোটি টাকা দিয়েছিল বিসিসিআইকে। নতুন আইন অনুযায়ী অনলাইন গেমিং সংস্থাগুলি স্পনসর হতে পারবে না। ফলে সম্পর্ক ছিন্ন করতে হয়েছে। তবে এর ফলে বোর্ডের দর কষাকষির ক্ষমতা বাড়ল বলেই মনে করা হচ্ছে। একাধিক বড় সংস্থা ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে। বিসিসিআই চায় দ্বিপাক্ষিক সিরিজের প্রতিটি ম্যাচে সাড়ে ৩ কোটি এবং বহুদলীয় প্রতিযোগিতার ম্যাচে দেড় কোটি টাকা। যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
কর্তাদের বক্তব্য, ‘ড্রিম ১১’-এর থেকে বেশি অর্থ আদায় করা এখন প্রায় নিশ্চিত। যদিও বাইজুসের পূর্ববর্তী চুক্তির তুলনায় কিছুটা কম থাকবে। তবুও বর্তমান পরিস্থিতিতে এটি একটি লাভজনক পদক্ষেপ বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। তাঁদের বিশ্বাস, নতুন স্পনসর চূড়ান্ত হলে আর্থিক দিক থেকে ভারতীয় ক্রিকেট আরও শক্ত ভিত পাবে।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। তার পরেই মহিলাদের এক দিনের বিশ্বকাপ। সময় হাতে খুবই কম। তাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নতুন চুক্তি পাকা করার পরিকল্পনা চলছে। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে গেমিং সংস্থার সঙ্গে আর কোনও সম্পর্ক তৈরি হবে না। ফলে নতুন স্পনসরের আগমন শুধু অর্থনৈতিক নয়, বরং নীতি নির্ধারণের ক্ষেত্রেও বিসিসিআইয়ের ভাবমূর্তিকে আরও মজবুত করবে।







