লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের ২৯ বছর বয়সি রাজপুত্র আবদুল্লা ইবনে ফাহাদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল আজিজ ইবনে জালাভি আল সৌদের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আদালতে পেশ হওয়া তদন্ত রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত মদ্যপান, ‘পার্টি ড্রাগ’ এবং চিকিৎসকের পরামর্শে নেওয়া একাধিক ওষুধ একসঙ্গে সেবনের ফলেই তাঁর হৃদরোগে মৃত্যু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, গত বছরের ১৯ নভেম্বর লন্ডনের কিংস্টোন এলাকার একটি ম্যারিওট হোটেলে এক সপ্তাহের জন্য উঠেছিলেন রাজপুত্র। ২৫ নভেম্বর সিসিটিভিতে তাঁকে শেষবার জীবিত দেখা যায়। পরে ওই দিনই হোটেলের ষষ্ঠ তলার কক্ষের শৌচাগারে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করেন এক কর্মী। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম, যা ইংল্যান্ডে গাড়ি চালানোর সময় অনুমোদিত আইনি সীমার প্রায় তিন গুণ। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র এই পরিমাণ অ্যালকোহলই একজন ব্যক্তিকে কোমায় পাঠানোর জন্য যথেষ্ট হতে পারে।
এছাড়াও তাঁর শরীরে ‘পার্টি ড্রাগ’ নামে পরিচিত গামা-হাইড্রোক্সিবিউটাইরেট (জিএইচবি), গাঁজা, জ্যানাক্স এবং উদ্বেগ কমানোর আরও কিছু ওষুধের উপস্থিতি পাওয়া যায়। তদন্তকারীরা জানিয়েছেন, প্রেসক্রিপশনের ওষুধগুলি অনুমোদিত মাত্রায় থাকলেও অ্যালকোহল ও মাদকের সঙ্গে মিলিত হয়ে তা প্রাণঘাতী প্রভাব ফেলেছিল।
আদালতে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজপুত্র দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপান এবং ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। মাদকাসক্তি থেকে মুক্তি পেতে ২০২৫ সালের আগস্টে তাঁকে লন্ডনের রোহ্যাম্পটনের একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসার পরও তিনি সেই আসক্তি কাটিয়ে উঠতে পারেননি বলে তদন্তে উঠে এসেছে।
এই ঘটনার পর বিশেষজ্ঞরা আবারও সতর্ক করেছেন যে, অ্যালকোহল, মাদক এবং স্নায়ু শান্তকারী ওষুধ একসঙ্গে সেবন করলে তা হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে।






