পৃথিবীর নানা প্রান্তে রয়েছে বিচিত্র প্রথা। এর মধ্যে কিছু রীতি যেমন সংস্কৃতির পরিচায়ক, তেমনই কিছু আবার বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। ভুটানের পূর্ব ও মধ্য অঞ্চলে প্রচলিত ‘নাইট হান্টিং’ বা স্থানীয় ভাষায় বোমেনা ঠিক তেমনই এক প্রথা।
কী এই প্রথা?
এই রীতিতে একজন অবিবাহিত ছেলে রাতে পছন্দের মেয়ের বাড়িতে গিয়ে জোর করে তার ঘরে প্রবেশ করে। আশ্চর্যের বিষয়, মেয়ের পরিবারের পক্ষ থেকেও এতে আপত্তি থাকে না। যদি মেয়েটিও রাজি হয়, তাহলে তারা সারা রাত একসঙ্গে কাটায়। ভোরে ধরা পড়লে, সমাজের প্রথা অনুযায়ী তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়।
কিন্তু পরিস্থিতি ভিন্ন হলে চিত্র ভয়াবহ হয়ে ওঠে। যদি মেয়েটি রাজি না হয় ও প্রতিবাদ করে, তবে ছেলেটিকে শাস্তি হিসেবে মেয়ের পরিবারের জন্য দীর্ঘদিন কাজ করতে হয়।
কেন বিতর্ক?
সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথা ভয়ঙ্কর রূপ নেয়। এটি অনেক সময় বাল্যবিবাহ, যৌন নিপীড়ন এমনকি ধর্ষণের মতো অপরাধ ডেকে আনে। বহু অল্পবয়সী মেয়ে অনিচ্ছুক হয়েও গর্ভবতী হয়ে পড়েছে এই প্রথার কারণে। ফলে সমালোচনার ঝড় ওঠে আন্তর্জাতিক মহলেও।
বর্তমানে ভুটান সরকার ও স্থানীয় প্রশাসন এই প্রথা বন্ধে উদ্যোগ নিয়েছে। যদিও কিছু এলাকায় আজও এটি টিকে আছে, তবে সামাজিক সচেতনতা ও আইনের প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে এর বিস্তার কমছে।







